বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি করতে পারে, তবে এতে তাদের ভাগ্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। গণভোটের শপথ না নিয়ে তারা জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বারবার কথা বলা হলেও নানা অজুহাতে তা কার্যকর করা হচ্ছে না।

তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। এরপরও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কোনো কর্ণপাত করছেন না।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। এ দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।