নিজস্ব প্রতিবেদক:রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলকে কেন্দ্র করে মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, শনিবার রাতে মিছিলে অংশ নেওয়া ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মামলায় গ্রেপ্তার ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।