সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এদিন বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আজই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে দীর্ঘ আলোচনার পর ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ভাড়া বাড়ানো হলে জনগণের ওপর চাপ তৈরি হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রকে বিভিন্ন বিষয় সমন্বয় করতে হয়। তবে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল করা হবে।

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো চিন্তা নেই। তবে পরশু রেল ও লঞ্চ নিয়ে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।