সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। তারা পৌঁছানোর পর পুলিশ কক্ষে প্রবেশ করবে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এর আগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রোববার ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি এ জামিননামা জমা দেন।

গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এর পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।