নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ও রাজধানীতে ঝটিকা মিছিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির যেকোনো পুনরুজ্জীবনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে প্রশাসন ও নেতাকর্মীদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে সচেতনতামূলক প্রচার এবং স্কুল, মাদরাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দলের সাংগঠনিক শূন্যপদ পূরণ এবং একটি শূন্য সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর নির্বাচন নিয়ে আলোচনা হয়। ওই নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর জমা দিতে পারবেন। ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।









