সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। এরপর গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। পরে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে পৌঁছাবে লংমার্চ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান ১১ দলীয় ঐক্যের নেতারা।
অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, দাবিগুলো বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবেই ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে।







