জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের তেমন সুযোগ হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন। তবে এটি দ্বিপক্ষীয় বিষয়। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে এ বৈঠকের আয়োজন বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রীর সফরে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সফরে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার সুযোগ নেই বললেই চলে। বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশের রূপরেখা, নেতৃত্ব ও নীতিগত অবস্থান তুলে ধরাই সফরের অন্যতম লক্ষ্য।

এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর বহর এবার সীমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, আনুষ্ঠানিক প্রতিনিধিদলে রয়েছেন ৩৩ জন। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ ও বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।