ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সভায় দুই সিটি করপোরেশনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথিত নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক নজরদারি রাখার জন্যও দলীয় নেতাদের নির্দেশনা দেন নাহিদ ইসলাম।

সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।