বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ রাজনৈতিক পথচলায় কখনো ক্ষমতায়, কখনো বিরোধী দলে থেকেছে। জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার নেতৃত্বে দলটি গণভিত্তি ও নির্বাচনী শক্তি অর্জন করে। বর্তমানে তৃতীয় প্রজন্মের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরতার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার মৃত্যুর পর নেতৃত্বের সংকটে পড়া দলটির হাল ধরেন খালেদা জিয়া। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। দীর্ঘ চার দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রীও হন তিনি।

এরশাদবিরোধী আন্দোলন, নির্বাচন ও সরকার পরিচালনার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

অন্যদিকে, তারেক রহমান ১৯৮৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। ২০২৬ সালে খালেদা জিয়ার মৃত্যুর পর স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান।

সামনে বড় চ্যালেঞ্জ

দীর্ঘদিন বিরোধী রাজনীতির পর ক্ষমতায় এসে বিএনপির সামনে এখন নতুন বাস্তবতা। সরকার ও দলের মধ্যে ভারসাম্য রাখা, তৃণমূলে গ্রুপিং ও নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ন্ত্রণ, পুরোনো ও নতুন নেতৃত্বের সমন্বয় এবং দলীয় শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এর পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনীতি শক্তিশালী করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার রেখে যাওয়া শূন্যতা অপূরণীয়। তবে তার রাজনৈতিক নীতি ও আদর্শ ধারণ করে আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই বর্তমান নেতৃত্বের লক্ষ্য।

সব মিলিয়ে, ৪৮ বছর পেরিয়ে বিএনপি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা হবে—দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কতটা কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব সরকার পরিচালনা করা যায়।