স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা শুধু স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির অপেক্ষায় ছিলাম। সেটি চূড়ান্ত হয়েছে। এখন আমরা নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত।’
এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।




