নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অসঙ্গত হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তারা সেখানে গেছেন। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে জনপ্রতিনিধিরাও সবার সঙ্গে সেই পরিবর্তনের অংশীদার হতে পারেন। তবে তার আগে তাদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।
জামায়াতের আমির আরও বলেন, দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই আসে না। সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে জামায়াতে ইসলামী প্রতিবাদ ও বিরোধিতা করবে।
সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল হিসেবে তারা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।






