মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরেন প্রবাসীরা।
সভায় দেশে টাকা পাঠাতে ব্যাংকিং জটিলতা, মৃত প্রবাসীদের লাশ দেশে ফেরত আনা, অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধকরণ বা সহজে দেশে ফেরার ব্যবস্থা, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক মুজিবুর রহমান। হাইকমিশনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মুজিবুর রহমান প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো তিনি জাতীয় সংসদে তুলে ধরবেন।
মতবিনিময় সভায় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।









