সংসদে বিল উত্থাপন নিয়ে বিরোধের জেরে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন বিরোধীদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই এ ঘটনা ঘটে।
বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইনপ্রণয়ন কার্যক্রম শুরুর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে বক্তব্য দেন।
এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় সরকারের সমালোচনা করেন। পরে বৃহস্পতিবার উত্থাপনের জন্য নির্ধারিত জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।
বিরোধীদলীয় সদস্যরা রাত ৮টা ৬ মিনিটে সংসদ থেকে বেরিয়ে যান।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে নির্ধারিত সময়ে ১৬টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হয়নি। ফলে সেগুলো কার্যকারিতা হারায়। আরও সাতটি অধ্যাদেশ রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হয়।
গুম প্রতিরোধ ও প্রতিকার, পুলিশ কমিশন এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ বিল আকারে উত্থাপিত না হওয়া অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে নতুন করে বিল আনার কথা জানিয়েছিল সরকার।
এর মধ্যে গত ৩ আগস্ট গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং ১০ আগস্ট জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। তবে খসড়া দুটি নিয়ে মানবাধিকারকর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ উদ্বেগ ও সমালোচনা জানিয়েছে।




