সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে দেশের বর্তমান রাজনীতিতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে এর সমালোচনা করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ। রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেন।’
তিনি বলেন, বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও তৎকালীন সরকারের দুই মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি। এ ধরনের সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরি করতে পারলে বাংলাদেশের চেহারা পরিবর্তন করা সম্ভব।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, ‘তোমাদের মতো অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। তাদের অনেকে সরকারি আমলা, মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি প্রধানমন্ত্রীও হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা সবাই এ জাতির কল্যাণে কাজ করতে পারেননি।’
গত ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা এমপি-মন্ত্রী ছিলেন, তারা কি মানুষের কল্যাণের কারণ হতে পেরেছেন? বরং তারা মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন। মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। মানুষের অধিকার ও স্বাধীনতা হরণ করা হয়েছে।’
সাদিক কায়েম বলেন, ‘আমরা এমন মানুষ চাই, যারা মানুষের কল্যাণে কাজ করবেন। এমন কাজ করে যাবেন, যাতে মানুষ তাদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ ৩৫০ জন কৃতী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।




