ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে দেশে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণও গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার বক্তব্যের পরপরই হারুন ও বেনজীরের বাহিনী বিরোধীদের ওপর ঝাঁপিয়ে পড়ত।

তিনি বলেন, শেখ হাসিনার মতো বিরোধী দলের দুটি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি।

বিরোধী দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সরকারদলীয় নেতাদের উদ্দেশে বিরোধী দলের নেতারা যে অসম্মানজনক ভাষা ব্যবহার করছেন, সেটিও ফ্যাসিবাদের ভাষা।