কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শনিবার এক বিবৃতিতে অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, একটি শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে না পারা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। অপ্রতিমের মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি শিশু-কিশোরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান।






