ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিনের কিডনি রোগে আক্রান্ত এম এ ওয়াদুদ মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।