সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে তিনি শুভেচ্ছা চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার ও জনগণকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের ভূমিকা এবং হজ ও ওমরাহ পালনে মুসলমানদের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়।

এতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চিঠি হস্তান্তরের সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।