পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুল আলম নামে আরও এক কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম কৈকুণ্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে চরের কৃষিজমিতে কাজ করছিলেন রকিবুল ইসলাম ও শামসুল আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত শামসুল আলম বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রকিবুল ইসলাম মারা গেছেন। তাঁর মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









