রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটিতে রয়েছেন—পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এর আগে ওই ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।

তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে রাজশাহী স্টেশন ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।