চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন।
বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৯০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭৬ জন, ভোলাহাটে ৮ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ২ জন এবং নাচোলে একজন রোগী রয়েছেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। সেখানে নতুন করে ২৭ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন।
এর আগে সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২৪ বছর বয়সী হৃদয় নামে এক রোগীর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের বালুবাগানের গৃহবধূ আসমা খাতুনের মৃত্যু হয়েছে।







