রাজশাহী সিটি করপোরেশনের লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রকল্পের আওতায় ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি মাটি ভরাট এবং ছাউনি নির্মাণ করা হবে।
এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সিটি করপোরেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়নকাজ শুরু হয়েছে।
নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে, সেসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও বলেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন তারা। তবে আগে কারও কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর সহযোগিতা পাওয়ায় উন্নয়নকাজ শুরু হয়েছে। এ জন্য তিনি সকলের পক্ষ থেকে প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি, সেক্রেটারি সুবাস কস্তা, কমিটির সদস্য শিরিল মূর্ম, মধু মূর্ম ও মেরি হেমরমসহ গোরস্থান ও চার্চ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল-মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগ, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।









