রাজশাহী

শিরোইল টার্মিনালে দু'পক্ষের সংঘর্ষ

শিরোইল টার্মিনালে দু'পক্ষের সংঘর্ষ
সংগৃহিত

রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়।

রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সিটি পেট্রোলিং সিআরটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। 

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চবটি এলাকার বাসিন্দা এবং ২৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সজল (৩৩) তার ডেলিভারি ভ্যান রাস্তার পাশে রেখে একটি দোকানে মালামাল দিচ্ছিলেন। এ সময় এক অটোচালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল অটোচালককে থাপ্পড় মারলে পাশে থাকা আম ব্যবসায়ী রনি (৩২) প্রতিবাদ জানায়। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সজলের সঙ্গে থাকা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ প্রায় ৪০-৪৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে জড়ো হন।

অপরদিকে, রনি নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি পাল্টা অবস্থান নেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এবং সিটি পেট্রোলিং সিআরটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।