দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর মুক্তি পেলেও জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন রাজশাহীর পবা উপজেলার মিঠু। পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো কাজ বা পুঁজি ছিল না তাঁর। পরে জেলা প্রশাসকের দেওয়া একটি ভ্যান পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিঠু ও বাগমারার মো. ইসরাফিলের হাতে দুটি ভ্যান তুলে দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পাওয়া তাঁদের কর্মসংস্থানের জন্য ভ্যান দুটি দেওয়া হয়।
কারাগারের নথি অনুযায়ী, মিঠু ২০০৩ সালের ১১ অক্টোবর কারাগারে যান। ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মিঠু চলতি বছরের ১৬ জুলাই সাজা শেষে মুক্তি পান। এরপর জীবিকার জন্য ভ্যান চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।
ভ্যান পেয়ে মিঠু বলেন, ‘মুক্তির পর কীভাবে সংসার চালাব, তা নিয়ে চিন্তায় ছিলাম। এই ভ্যান আমার নতুন করে বাঁচার অবলম্বন।’
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন কারাভোগ শেষে মুক্তি পাওয়া দুজনের কর্মসংস্থানের কথা বিবেচনা করে ভ্যান দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করেন তিনি।









