রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তৌহিদের ভাবি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে তৌহিদের স্ত্রী মোসাঃ রূপা খাতুন (১৯), স্ত্রীর বড়ভাই মোঃ রাজিব আলী (২৮) ও তার শাশুড়ি লক্ষীপুর এলাকার একটি ফার্মেসিতে যান।

ফার্মেসিতে লোক না থাকায় তারা সেখান থেকে ফিরে আসছিলেন। পথে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ মাসুদ রানা তাদের পথরোধ করেন। এ সময় তিনি তার পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন।

পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজপাড়া থানায় মামলা করা হয়।

মামলার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট ইউনিট অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।