আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে গতকাল সকাল ১১টায় নগরীর শাহ মখদুম কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

কর্মশালায় বক্তারা বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি ও বিভিন্ন প্রজাতি, সর্পদংশনের পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও কার্যকারিতা এবং সর্প দংশন প্রতিরোধে করণীয় ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাপকে অযথা হত্যা না করে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষকরা সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এ সময় সাপ উদ্ধারের ক্ষেত্রে উদ্ধারকারীদের নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ও পর্যাপ্ত সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।