গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তের ক্ষমতা কোনো শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
রোববার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর অলোকার মোড় চেম্বার অব কমার্সের সামনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার’র রাজশাহী সমন্বয়ক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক মঈন উদ্দিন। এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাসুদ রানা রাব্বানীসহ শতাধিক সাংবাদিক ও মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গুমের ঘটনায় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বা শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই তদন্তের দায়িত্ব স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের হাতে দেওয়া জরুরি।
অধিকার’র বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এ সরকার অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের কাছে তদন্তভার দিতে পারবে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে।
মানববন্ধনে তিন দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সম্পত্তি ও ব্যাংক হিসাব পরিচালনার আইনগত সুযোগ নিশ্চিত করা এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা।







