নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মহাদেবপুর যাচ্ছিলেন রাশেদুজ্জামান। হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুজ্জামান নিহত হন। তার মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।









