রাজশাহী ব্যুরো:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ‘অফিসার্স অ্যাসোসিয়েশন’ দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগপন্থী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, গঠনতন্ত্র ও নিয়মনীতি উপেক্ষা করে তড়িঘড়ি করে একটি কমিটি ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

রাকাব সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় এ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে ডিজিএম মো. জিয়াউদ্দিন আকবরকে আহ্বায়ক ও এজিএম মো. মোস্তাফিজুর রহমান সরকারকে সদস্য সচিব করা হয়। পরে প্রধান কার্যালয়সহ ১৮টি জোনে কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আকবর অভিযোগ করেন, গত ২১ আগস্ট রাতে একটি পক্ষ তড়িঘড়ি করে সংগঠনের নামে নতুন কমিটি ঘোষণা করে। এতে অনেক কর্মকর্তার সম্মতি ছাড়াই তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে কয়েকজন কর্মকর্তার অভিযোগ, ভারপ্রাপ্ত এমডি মো. গোলাম মরতুজা, জিএম তাজ উদ্দিন আহম্মেদ, ডিজিএম মো. মিজানুর রহমান ও ডিজিএম শাহিনুর ইসলামসহ কয়েকজন কর্মকর্তা নতুন কমিটিতে যোগ দিতে কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। যোগ না দিলে বদলি ও খারাপ এসিআর দেওয়ার ভয় দেখানোরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত এমডি মো. গোলাম মরতুজার বক্তব্য পাওয়া যায়নি।

সংগঠনের সদস্য সচিব সৈয়দ খায়রুল ইসলাম বলেন, সংগঠনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কমিটির তালিকা নিয়ে সদস্যদের বিভ্রান্ত না হওয়ার জন্য ২১ আগস্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আগামী ২৯ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আকবর।