:চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি গত ১২ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমেছে। তবে জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি এখনো বাড়ছে। এতে নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত পদ্মার পাঙ্খা পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমেছে। বর্তমানে সেখানে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৫০০ পরিবার পানিবন্দী রয়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ ঘরের ভেতর হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। রান্না, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের দুর্ভোগ বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

বন্যার পানি শিক্ষা কার্যক্রমেও প্রভাব ফেলেছে। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস চালু করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান এখনো সম্ভব হচ্ছে না।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দী মানুষের মধ্যে দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ সময়ে প্রায় ২৬ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। পাশাপাশি খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত পানিবন্দী মানুষকে সেখানে নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজকের পর থেকে পানি ধারাবাহিকভাবে কমবে। বড় ধরনের বন্যার শঙ্কা নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীর পানি ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে।