রাজশাহী প্রতিনিধি:
‘হেবা আইন (সংশোধনী) বিল, ২০২৬’ বাতিল, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরিয়াহবিরোধী দাবি করে তা বাতিলের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র কোরআনে উত্তরাধিকার আইন বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। তাই শরিয়াহর বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের প্রয়োজন নেই।

বক্তারা আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দ্রুত এসব সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমাবেশ থেকে হেবা আইন বাতিল এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি পূরণ না হলে রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, জেলা শাখার সভাপতি আলহাজ মো. ফয়সাল হোসেন মনি, মহানগরের সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা শাখার সেক্রেটারি মো. ইসাহাক, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. হাসিবুর রহমান, মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাবি শাখার সভাপতি পারভেজ আকন্দসহ অন্যরা।