রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রাবিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। একই সঙ্গে রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত শাটল বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সালাউদ্দিন আম্মার বলেন, অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেনগুলো রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে—শিক্ষার্থীদের এমন ধারণা থাকলেও বাস্তবতা ভিন্ন। প্রায় দুই যুগের বেশি সময় ধরে স্টেশনটি অকার্যকর থাকায় এটি সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। এ সময় শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আলোচনা চলছে। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত্রিকালীন ট্রেনগুলোর সময়সূচির সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে রাকসু জিএস বলেন, টিকিট ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করবেন না। পাশাপাশি ট্রেনে ও স্টেশনে শিক্ষার্থীসুলভ ও সহযোগিতামূলক আচরণ বজায় রাখতে হবে।
উল্লেখ্য, প্রায় দুই যুগের বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন। শিক্ষার্থীদের সুবিধার্থে গত ৬ আগস্ট তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ দুইটি আন্তঃনগর ট্রেনের রাবি স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে।









