রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে মেসার্স সাফাত এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় রাজশাহী ক্যাডেট কলেজগামী একটি যাত্রীবিহীন অটোরিকশা চেকপোস্টে এলে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশার চালকের পায়ের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় সন্দেহজনক কিছু দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তাটি তল্লাশি করে সাদা পলিথিনে রাখা ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাট উপজেলার আলাইপুর এলাকার মো. আবুল হাশেমের ছেলে।
অভিযানে শরিফুল ইসলামের হেফাজত থেকে ২০০ বোতল ফেয়ারডিল, একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।






