চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সামিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রাত দুইটার দিকে নিজ ঘর থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস সামিম, এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে দুর্ঘটনার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করে।










