রাজশাহী

পবায় ইউনিয়ন পরিষদে চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

পবায় ইউনিয়ন পরিষদে চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
- ছবি - ইন্টারনেট

পবায় ইউনিয়ন পরিষদে চালু হলো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির লক্ষ্যে রাজশাহীতে ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এই প্রথম এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমুখ।

নিভৃত পল্লীর তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিতে এই কেন্দ্রটিতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারে প্রতি ব্যাচে ২০জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এখানে ৬ষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা কম্পিউটারের বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ গ্রহণের পর তারা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারদেরও রাখা হয়েছে। এর ফলে এখানে প্রশিক্ষণার্থীর কোনো অভাব হবে না। নামমাত্র ফি দিয়ে ষষ্ঠ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, বর্তমান যুগে কম্পিউটার ছাড়া জীবন খুব কঠিন। তাই যুবসমাজকে স্মার্ট, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। পর্যায়ক্রমে অন্য ইউপি কার্যালয় গুলোতে ও এই প্রশিক্ষণ কেন্দ্র চালুর ব্যবস্থা করা হবে।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এলাকার অনেক তরুণ-যুবক পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। এখানে তারা কম্পিউটারের সব ধরনের প্রশিক্ষণ নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। বেকারত্ব দূর করতে এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে তারা ভালোভাবে কাজে লাগাতে চান।