নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন মাদক কারবারিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চালানোর সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে শ্রী মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যরা তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি নীল রঙের পলি প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় শ্রী মুনির দুই সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২)কেও গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে মাদক সেবন ও সামাজিক শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বলেন, এসব এলাকায় প্রতি সপ্তাহে বিশেষ অভিযান চালানো হবে। প্রয়োজন হলে প্রতিদিনও অভিযান পরিচালনা করা হবে। মাদকের বিস্তার রোধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।