চাঁপাইনবাবগঞ্জে উজানের ঢলে টানা সাতদিন ধরে পদ্মা নদীর পানি বাড়ছে। বর্তমানে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও ১০ সেন্টিমিটার করে বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৩৬২ হেক্টর আমন-আউশ ধান, পেঁয়াজ ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধ রয়েছে পাঠদান।
ইতোমধ্যে শিবগঞ্জের তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত পানি বাড়তে পারে, এরপর কমার সম্ভাবনা রয়েছে। তবে নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।




