রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতভর উত্তেজনার পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাভাবিক হয়েছে স্টেশনের কার্যক্রম। একই সঙ্গে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগও স্বাভাবিক হয়েছে।

সকাল থেকে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার।

স্টেশনমাস্টারের তথ্যমতে, মধুমতী এক্সপ্রেস রাতে রাজশাহীতে ফিরতে দেরি করায় সকালে রাজশাহী থেকে ট্রেনটি ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এ ছাড়া রাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্টেশনের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাকে নিতে গিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী।

এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। একপর্যায়ে তারা স্টেশন ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করেন।

রাতের উত্তেজনাকর পরিস্থিতির পর সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু হয় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ।