রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারি’কে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





