রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় এসআরবি-৫, সিপিএসসি রাজশাহী এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির একটি অপারেশন দল জানতে পারে, তালপুকুরিয়া সিটিহাট-কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানে বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে।
সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি-৫ জানায়, উদ্ধার করা আলামতগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।




