চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত হয়েছেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের সেনাসদস্য তাসনিম রিফাত (২৮)। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর থেকেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনেরা বাড়িতে ছুটে আসেন। বাড়ির ভেতরে আহাজারি আর বাইরে নীরবে দাঁড়িয়ে থাকা মানুষের চোখেমুখে ফুটে ওঠে শোকের ছাপ।
তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্ব পালন করছিলেন। ট্যাংক ফায়ারিংয়ের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হলে তিনি নিহত হন।
নিহত রিফাতের বাবা মো. আসাদুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান। চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয় সন্তান।
রিফাত বিবাহিত ছিলেন। স্ত্রী ও ছোট কন্যাসন্তানকে নিয়ে তিনি চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে থাকতেন।
মায়ের মৃত্যুর তিন বছর পর ছেলেকে হারিয়ে পরিবারটি আবারও শোকে ভেঙে পড়েছে। স্বজনরা জানান, রিফাত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দায়িত্বশীল ও শান্ত স্বভাবের রিফাতের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা।
নিহত সেনাসদস্যের প্রথম জানাজা বুধবার রাত ১০টায় চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারযোগে মরদেহ ঢাকায় নেওয়া হবে। পরে রাজশাহী সেনানিবাসে আনার পর বৃহস্পতিবার সকাল নাগাদ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।




