রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। বুধবার রাতে উপজেলার কবুতরপাড়া এলাকায় একটি মাটির রাস্তার পাশে সরকারি খাসজমিতে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি শপিং ব্যাগ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি, রাজশাহীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানার কবুতরপাড়া গ্রামের একটি মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাসজমিতে প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পরে ওই এলাকায় অভিযান চালিয়ে টর্চ ও সার্চলাইটের আলোতে একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় এর ভেতর দুটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়।
এর মধ্যে একটি শপিং ব্যাগে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। এর ওজন ৫২৮ গ্রাম। অপর ব্যাগে ছোট ছয়টি সাদা পলিপ্যাক পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ১০৭ দশমিক ৫ গ্রাম করে, যার মোট ওজন ৬৪৫ গ্রাম।
দুটি ব্যাগ থেকে উদ্ধার করা মাদকের সর্বমোট ওজন ১ কেজি ১৭৩ গ্রাম। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব মাদক জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।




