রাজশাহী মহানগরীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। একই সঙ্গে পুলিশি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাংবাদিকরা রাজশাহী মহানগরীর বিভিন্ন নাগরিক ও সামাজিক সমস্যা, অপরাধ পরিস্থিতি এবং পুলিশি সেবা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা সাধারণ মানুষের অভিযোগ দ্রুত আমলে নেওয়া, থানায় সেবার মান বাড়ানো, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং পুলিশ-গণমাধ্যমের মধ্যে আরও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সাংবাদিকদের বক্তব্য শুনে ডিআইজি আশিক সাঈদ বলেন, মানুষের নিরাপত্তা ও আইনি সেবা নিশ্চিত করাই পুলিশের অন্যতম দায়িত্ব। কোনো মানুষ যেন আইনি সহায়তা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনার বিষয়ে তিনি পুলিশের অবস্থান তুলে ধরেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে গত ১১ জুলাই দায়িত্ব নেওয়ার পর থেকেই আশিক সাঈদ জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। দায়িত্ব গ্রহণের সময়ও তিনি জনগণের আস্থা অর্জন এবং দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন।
সাম্প্রতিক বিভিন্ন মতবিনিময় সভায়ও তিনি পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মতবিনিময় সভায় ডিআইজি আশিক সাঈদ পুলিশি কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজের নানা অসংগতি ও অপরাধের তথ্য গণমাধ্যমের মাধ্যমে সামনে আসে। তাই অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
সভায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশিদসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









