‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীর প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর তালাইমারী এলাকার মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠানগুলোর আঙিনা ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি সেগুলোকে নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় জেলার প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আঙিনা এবং খালি জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।




