পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীসহ সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বাণীতে তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ পবিত্র দিনে বিশ্বজগতের রহমত ও মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন।
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
জেলা পরিষদের প্রশাসক বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করে অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে।
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করে সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাণীতে তিনি মহান আল্লাহর কাছে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীসহ দেশের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক কামনা করেন তিনি।




