রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিকিট পরীক্ষক (টিটি) সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে আইয়ুব নামে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে স্টেশনের গেটে আইয়ুবের সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটি ও রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। মারধরের পর তিনি মাটিতে পড়ে যান।
আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র জানান, বর্তমানে আইয়ুব অচেতন অবস্থায় রয়েছেন। তিনি কয়েকবার বমি করেছেন এবং তার নাক দিয়ে রক্তপাত হয়েছে বলেও জানান তিনি।
আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে রাবি উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন। আমি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’
তিনি বলেন, ‘তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানিয়েছি।’
এদিকে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবি রেলওয়ে স্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর চিফ কমান্ড্যান্ট স্বাক্ষরিত দপ্তরাদেশের মাধ্যমে অভিযুক্ত চারজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী
রাজশাহী স্টেশনে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মীদের মারধরের অভিযোগ, স্টেশন ঘেরাও
রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিকিট পরীক্ষক (টিটি) সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে




