:বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম হন নুসরাত জেরিন জেনী। ১৫তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন আশিকুজ্জামান, ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা এবং ১৩তম পরীক্ষায় শিউলী নাহার। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’
আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারান। প্রস্তুতির সময় প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো হবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করা অত্যন্ত জরুরি।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে—এটি অবশ্যই আমার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ ২০০ জনকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’









