জাতীয় ডেস্ক:
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু করা ‘পিংক বাস’ বা গোলাপি বাসে আয়-ব্যয়ের বড় ঘাটতি দেখা দিয়েছে। যাত্রীদের কাছ থেকে পাওয়া ভাড়ায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনসহ পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না। ফলে প্রতিদিনই ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি)।
বিআরটিসি সূত্র জানিয়েছে, নারী বাসসেবায় প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা লোকসান হচ্ছে। সেপ্টেম্বরের ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপ পরিচালনা করে ১৪ হাজার ১১৬টি টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা। অথচ একই সময়ে শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ৫২ হাজার থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা।
আগস্টেও ১১৪টি ট্রিপে টিকিট বিক্রি করে আয় হয়েছিল ৯৮ হাজার ৬৪৬ টাকা। ওই সময়ে জ্বালানি ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয় প্রায় ২ লাখ ৫৪ হাজার থেকে ৩ লাখ ৯ হাজার টাকা।
বিআরটিসির ব্যবস্থাপক মো. নূর-ই-আলম বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতেই বিশেষ বাসসেবাটি চালু করা হয়েছে। তবে নিয়মিত ভর্তুকির কারণে করপোরেশনের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। একটি ট্রিপে অন্তত ১২০ জন যাত্রী পাওয়া গেলে আয়-ব্যয় সমান পর্যায়ে আসবে বলে জানান তিনি।
গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করে বিআরটিসি। বর্তমানে শুক্রবার ও শনিবার বাসগুলো চলাচল বন্ধ থাকে।




